গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া সেনাবাহিনীর শ্যুটিং প্রতিযোগিতা-২০২১ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঢাকা সেনানিবাসের সি এল এইচ আর্মি শ্যুটিং রেঞ্জে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান করা হয়। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর শ্যুটিং প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে ৭টি সেনা শ্যুটিং ক্লাবের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সাভার সেনা শ্যুটিং ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকগণ উপস্থিত ছিলেন।