গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দ্রুত দেশে এনে শাস্তির আওতায় আনা ও গ্রাহকদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার ( ৬ সেপ্টেম্বর) বিকালে ই-অরেঞ্জের কয়েকশ’ গ্রাহক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। পরে তারা টিএসসি হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী এক গ্রাহক বলেন, প্রশাসনের নজরদারির পরও ওসি সোহেল কিভাবে দেশ ত্যাগ করলো? তার বিরুদ্ধে মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগ আছে। তারপরও সে কিভাবে দেশ ত্যাগ করার সুযোগ পেলো? নিশ্চয়ই এর পেছনে প্রশাসনের সহযোগিতা আছে।
মানববন্ধনে গ্রাহকরা জানান, প্রশাসন বলছে তারা ওসি সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা আগে কী করেছে? সে আমাদের টাকা কোথায় রেখেছে? সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর সেখানে তার সম্পদ আছে সেগুলো এনে আমাদের টাকা আমাদের বুঝিয়ে দেওয়া হোক।
প্রসঙ্গত, ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মধ্যেই গত ৩ সেপ্টেম্বর ভারত-নেপাল সীমান্তে বিএসএফ কর্তৃক আটক হন বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। সোহেল রানার বিরুদ্ধে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষকতার অভিযোগ আছে।