‘কমিউনিটি ব্যাংক-বিকাশের চুক্তি আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

কমিউনিটি ব্যাংকের সঙ্গে বিকাশের চুক্তি কমিউনিটি ব্যাংকের আর্থিক লেনদেনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, কমিউনিটি ব্যাংক গত দুই বছরে অনেক দূর এগিয়েছে। আগামীতে এর গতি আরও ত্বরান্বিত হবে এতে কোনও সন্দেহ নেই।

শনিবার (১১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ব্যাংক কমিউনিটি ব্যাংক এবং দেশের মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন।

এদিন সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামান পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছর আগে কমিউনিটি ব্যাংক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের ব্যাংক করতে চাইনি। আমরা জনগণের জন্য ব্যাংক করেছি। কারণ পুলিশ কমিউনিটির জন্য, মানুষের জন্য কাজ করে।

তিনি বলেন, বিকাশ দেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং অনেক জনপ্রিয় হয়েছে।

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ বাহিনীর সদস্যরা নিরন্তর কাজ করে চলেছেন। কমিউনিটি ব্যাংকের সঙ্গে আমাদের এই যৌথ সেবা তাদের প্রতিদিনকার প্রয়োজনসহ যে কোন জরুরি আর্থিক লেনদেনকে সহজ করবে এবং দূরে থেকেও পরিবার-স্বজনের পাশে থাকার সুযোগ এনে দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন দেশের যে কোন স্থান থেকে ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন লেনদেন করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। 

এই সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট ও কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের কেওয়াইসি তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে কমিউনিটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। 

আবার ব্যাংকে না গিয়ে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’র মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন। 

উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।