ইউরোপের ছোট দেশ সার্বিয়াতে বৈধভাবে কাজের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহ রয়েছে। দেশটির ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সির তথ্যমতে, সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে ১৪ জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানী কোম্পানিতে (বিইডিইএম) যোগদানও করেছেন।
এই সুযোগের ব্যাপ্তি বৃদ্ধির জন্য সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ইতোমধ্যে দেশটি সফর করেছেন। দেশটির মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি রাষ্ট্রদূত গত সপ্তাহে বিইডিইএম কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেওয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়কমন্ত্রী ডা. দারিজা কিসিচ তেপাভেভিচের সঙ্গে বৈঠকে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার সমবর্তী অধিক্ষেত্রাধীন দেশ সার্বিয়ার রাষ্ট্রপতির নিকট গত সপ্তাহে পরিচয়পত্র পেশ উপলক্ষে বেলগ্রেড সফরকালীন সময়ে এই বৈঠকে মিলিত হন।
বৈঠকে দূতাবাসের কাউন্সেলর এ এস এম সায়েম এবং সার্বিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।