হেগ-এ বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবস পালন 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ যথাযথ মর্যাদায় পালন করেছে নেদারল্যান্ডসের ‘হেগ’-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে শেখ রাসেল দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নেদারল্যান্ডসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
 
অনুষ্ঠানে শেখ রাসেল-এর জীবনের ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দিবসের তাৎপর্যের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘প্রতিটা শিশু নির্ভয়ে, ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক- এটাই হোক শেখ রাসেল দিবসের প্রত্যাশা’। 

তিনি আরও বলেন শেখ রাসেল আজ বেঁচে থাকলে তিনি দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতেন।