দেশে চলমান সাম্প্রদায়িক হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং ঘটনার দ্রুত প্রতিকার দাবি করেছে দেশের নাগরিক জোট সিএসও অ্যালায়েন্স। বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা এবং হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে আগুন দেওয়াসহ নানাবিধ সহিংসতার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত ঘৃণ্য অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনার ওপর এটা একটা বড় আঘাত।
বিবৃতিতে প্রতিনিধিরা বলেন, আমরা এসকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তদন্ত প্রতিবেদনগুলো দ্রুত জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি। ঘটনাগুলোর পরম্পরায় এটা স্পষ্ট যে, কিছু চিহ্নিত উগ্র ধর্মান্ধ গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে ধর্মকে পুঁজি করে এ ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। আমরা চাই অতিসত্বর এসব ধর্ম ব্যবসায়ী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করা হোক।
সিএসও অ্যালায়েন্সের আহ্বায়ক রাশেদা কে চৌধুরীসহ এতে আরও স্বাক্ষর করেছেন বাপা’ র প্রেসিডেন্ট সুলতানা কামাল,ওয়াটারএইড’র রিজিওনাল ডিরেক্টর খায়রুল ইসলাম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, আদিবাসী ফোরামের জেনারেল সেক্রেটারি সঞ্জীব দ্রং, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এহসানুর রহমান প্রমুখ।