‘দুর্যোগ মোকাবিলা করেও দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি বলেন, ‘সম্প্রতি তিস্তার পানি বেড়ে গেলে ডিজিটাল ব্যবস্থায় স্থানীয় তিন হাজার  মানুষকে পূর্বাভাস মেসেজ দিয়েছি। প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে দুর্যোগ মোকাবিলা করেও বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রয়েছে।’

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর গ্রিনরোডে পানি ভবনে ‘ডিজিটাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতেক এ তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তথ্য প্রযুক্তিলব্ধ জ্ঞানের বাস্তব প্রতিফলন আজকের ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর লক্ষ্য ‘সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ’ গঠনে এবং ‘ডেল্টাপ্ল্যান-২১০০’ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ একটি সহায়ক শক্তির নাম।’

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন,  ‘ডিজিটাল বাংলাদেশ বললে বিএনপি আগে টিপ্পনী কাটতো। কিন্তু আজ ডিজিটাল ব্যবস্থায় হাওরসহ সব এলাকায় আমরা সঠিক পূর্বাভাস পাঠাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার  দুর্যোগ মোকাবিলায় শিক্ষকের ভূমিকা পালন করছে।’

অনুষ্ঠানের সভাপতি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার তার বক্তব্যে সারাদেশের জন্য সমন্বিত ডিজিটাল পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালীকরণে আশাবাদ ব্যক্ত করেন।

উপসচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন— পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ। এছাড়াও এটুআই প্রোগ্রামের পলিসি উপদেষ্টা আনির চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এর আগে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট উশি মাতিয়াস বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রণালয় ও এর অধীন সকল সংস্থা প্রধানসহ র্কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘করোনাকালে ৭২ লাখ মানুষ  টেলিমেডিসিন সেবা নিয়েছে। দেশের ৭১ শতাংশ মানুষ প্লাবন সমভূমিতে বাস করে। তাই এই পূর্বাভাস ব্যবস্থা ক্ষয়ক্ষতি হ্রাসে সাহায্য করবে।’