দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে; এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলে তামিলনাড়ুতে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেয়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ২, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ৬, রাজশাহীতে ৩২, রংপুরে ৩২ দশমিক ৫, খুলনায় ৩৩ দশমিক ৫ এবং বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।