বিমান বাহিনীর আন্তঘাঁটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঘাঁটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের খেলার মাঠে সোমবার (১৫ নভেম্বর) এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। 

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বিমান বাহিনী সদর দফতর (ইউনিট) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের স্কোয়াড্রন লিডার মো. মোহাইমিনুল ইসলাম ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো আন্তঘাঁটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। গত ৭ নভেম্বর স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী প্রতিযোগিতা উদ্বোধন করেন। ৯ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।