তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মো. আব্দুল হাকিম (৪৮) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ১০টায় নাখালপাড়া ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল হাকিম ময়মনসিংহ সদর দাপুনিয়া গ্রামের হাসান আলী মৃধার ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের জনক আব্দুর হাকিম । তিনি নালিতাবাড়ি শেরপুর-১২ আনসার ব্যাটালিয়নের সদস্য।

তাকে হাসপাতালে নিয়ে আসা  পথচারী মুহম্মদ পলাশ জানান, সকাল পৌনে ১০টার দিকে নাখালপাড়া ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল হাকিম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে তিনি ধাক্কা খান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব‍্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আনসার সরকারি প্লাটুন কমান্ডার এপিসি মুসলিম উদ্দিন জানান, আব্দুল হাকিম সংসদ ভবনে ডিউটি করতেন। রাতে তার ডিউটি ছিল। ডিউটি শেষে সকালে নাখালপাড়া পুরাতন সংসদ ভবন এমপি হোস্টেল আনসার ক্যাম্প থেকে মোবাইল ফোনে রিসার্চ করতে বাইরে গেলে রেল দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।’