উদ্ভাবন আমাদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করার সুযোগ উন্মোচন করতে এবং প্রস্তুত হতে সহায়ক হবে। এই লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দেশের নারী উদ্ভাবক এবং উদ্যোক্তাদের জন্য করোনায় ক্ষতির প্রতিক্রিয়া ত্বরান্বিত করতে তিন দিন এবং দুই রাতের ‘আবাসিক গার্লস ইনোভেশন ও উদ্যোক্তা বুটক্যাম্প-২০২১’ আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর লালমাটিয়ায় ‘আপন উদ্যোগ ফাউন্ডেশন’র কার্যালয়ে তিন দিনব্যাপী এই ‘বুটক্যাম্প’ শুরু হয়েছে। বুট ক্যাম্পে নারীদের জন্য বিনামূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা রয়েছে।
আয়োজকরা জানান, ২০১৭ সালে প্রথম পাইলট পর্যায়ে একটি বুটক্যাম্প আয়োজন করেছিল বিডিওএসএন। এরপর ২০১৯ এবং ২০২০ সালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে.৩ দিনের দুটি আবাসিক বুটক্যাম্পে অংশ নেন দেশের ৬৫ জন নারী উদ্যোক্তা। প্রকল্পের আওতায় ৭-১০ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বুটক্যাম্পের মাধ্যমে ১৫০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীরা এসেছেন এই বুটক্যাম্পে অংশ নিতে।
.প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাহানারা আমির জিমি বলেন, ‘যেসব নারী ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, কিন্তু কীভাবে শুরু করবেন তা বুঝতে পারছে না, কীভাবে কাজ পাবেন জানেন না, আবার কেউ কেউ শুরু করেছে, তাদেরও অনেক কিছু জানা থাকে না— এসব বিষয়ে সহযোগিতা করা এই বুটক্যাম্পের উদ্দেশ্য। একটি প্রোজেক্ট কীভাবে তৈরি করতে হয়, সেটা কোথায় কীভাবে উপস্থাপন করতে হয়— এসব বিষয়ে নিয়ে ধারণা দেওয়া হয়। আবার ব্যবসা পরিচালনা করতে অফিশিয়াল কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো করার প্রক্রিয়া সম্পর্কে বলা হয়। অর্থাৎ একটা স্টার্টআপ শুরু করা থেকে মোটামুটি দাঁড় করানো পর্যন্ত যেসব ধাপ অনুসরণ করতে হয়, এসব গাইডলাইন আমরা তিন দিনের বুটক্যাম্পে দেবো।’
তিনি আরও বলেন, ‘তিন দিনের প্রশিক্ষণ শেষে ৩৩ জন নারীকে ছয়টি গ্রুপ তৈরি করে দেখা হবে। তারা এই তিন দিনের বুটক্যাম্পে কী শিখল। চার জন বিচারকের সামনে তারা তাদের উদ্ভাবিত আইডিয়া উপস্থাপন করবেন। বুটক্যাম্পে নির্ধারিত অতিথিরা এ সম্পর্কিত কথাগুলো বলবেন।’
.তিন দিনের এই বুটক্যাম্পে অতিথি হিসেবে থাকছেন— প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের প্রধান মুনির হাসান, ক্রিয়েটিভ সফট টেকনোলজির সিইও নাহিদা জাহান, উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আসিয়া নিলা, এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশীর কবির, আইসিটি বিভাগে সিনিয়র সহকারী সচিব আলাওল কবির, উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশা, আস্থা আইটি’র পরিচালক তাসনুভা আহমেদ, লেথেরিনা প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক তসলিমা মিজি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান দিদার, ডব্লিউপি ডেভেলপার ডট কমের প্রধান বিপণন কর্মকর্তা আফসানা দিয়া, গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিনিয়র ম্যানেজার কাজী শায়লা শারমিন, শাহিন হেল্প লাইনের সিইও মো আমিনুল ইসলাম, গ্রামীণ ফোনের ডেপুটি ডিরেক্টর শায়লা রহমান, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গাজী তোহিদুর রহমান, উদ্যোক্তা আসিফ রহমান, টারটেল ভেনচুরের সিইও সারাবান তাহুরা তুরিন, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের ব্র্যান্ড এবং মার্কেটিং প্রধান আশরাফুল ইনসান ইভান, পাইওনিয়ার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমরাজিনা ইসলাম, বিডি প্রেনারের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন, সফট টেক ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারোয়ার, জিরো ডিগ্রি কমিউনিকেশনের সিইও প্রমি নাহিদ, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুর রাকিব, বেসিসের ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।
বুটক্যাম্পে অংশ নেওয়া লুকি লুক্স নামক জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্যোক্তা নাজনিন আক্তার জানান, প্রশিক্ষণের কারণে তিনি অনেক বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। সশরীরে বুটক্যাম্পে আসায় অনেক বিষয় আয়ত্ত করতে তার সুবিধা হয়েছে।