পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বর্ষ বিদায় অনুষ্ঠান উদ্বোধন করলেন স্পিকার

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বর্ষ বিদায় ২০২১’ অনুষ্ঠান উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পার্লামেন্ট মেম্বার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় স্পিকার অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সদস্য এবং তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে বাস্কেটবল, হাড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাসিং খেলা উপভোগ করেন। স্পিকার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্লামেন্ট  ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সদস্য ও তাদের পরিবার পরিজনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।