ঢামেকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আউটসোর্সিং নিয়োগের প্রতিবাদ কর্মসূচিতে কলেজ শাখা ছাত্রলীগের নেতকর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের মাধ্যস্থতায় বিষয়টির সমঝোতা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের ভুল বোঝাবুঝি হয়। পরে তাদের মধ্যে সমঝোতা হয়।’ বর্তমানে পরিস্থিতি সাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা মেডিক্যাল কলেজে আউটসোর্সিং জনবল নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলাম, সেসময় ছাত্রলীগের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এতে তিন জন কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন মো. জনি, বাশার ও নাঈম।’ এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।

ছাত্রলীগের ঢামেক শাখার সাধারণ সম্পাদক জাকি উল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা ছাত্রলীগ, চিকিৎসকরা মিটিং করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য মিছিল নিয়ে কলেজ প্রাঙ্গণে যাই। কলেজের সামনে আমরা প্রিন্সিপাল স্যারের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় চতুর্থ শ্রেণির কর্মচারীরা মিছিল নিয়ে কলেজে প্রবেশ করে। তারাই ধাক্কাধাক্কি শুরু করে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপর চড়াও হয়। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল। পরে হাসপাতাল পরিচালক ও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অবগত হয়।’