রাজধানীর কলাবাগানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একজন গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সামিয়া ইউসুফ সুমি (৩২)। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের ইস্টার্ন মফিজবাগ অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি থেকে কলাবাগানে সামিয়া ইউসুফ সুমির বাসায় কাজ করে আসছিল গৃহকর্মী ফারজানা। কিন্তু সামান্য ভুলের কারণে তাকে প্রায়ই মারধর করা হতো।
গত ১৭ জানুয়ারি মারধরের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফারজানাকে সোহরাওয়ার্দী হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।