এবার সাফারি পার্কে সিংহীর মৃত্যু

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ টি জেব্রার মৃত্যুর পর নতুন করে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। তবে সিংহীটি আগে থেকেই অসুস্থ ছিল। এটির বয়স প্রায় এগারো বছর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিংহীটি অসুস্থতার কারণে মারা যায়। 

পরিবেশ মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের ১১আগস্ট  প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। এরপর নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলমের পরামর্শ অনুযায়ী পার্কে চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, এরপর বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। আজ সকালে শ্বাসকষ্ট শুরু হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারি সার্জন চিকিৎসা দেন। দুপুরের দিকে এটি মারা যায়। 

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে সব মিলিয়ে ১১টি জেব্রার মৃত্যু হয়। কিভাবে এসব জেব্রা মারা গিয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে। তাদের পরীক্ষার নমুনা আফ্রিকায় পাঠানো হয়েছে।