তিন তলা থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেফতার ৬

রাজধানীর ফুলবাড়ীয়ার জাকের সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে ফেলে এক জুতা ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফিরোজসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফিরোজসহ ছয়জনকে নরসিংদী, গাজীপুর ও রাজধানীর গুলিস্তান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জুতা ব্যবসায়ী হাজী রাকিব উদ্দিন শেখকে (৪৮) মারধর করে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের ছোট ভাই রকিব উদ্দিন সাংবাদিকদের জানান, তার ভাইয়ের ওই মার্কেটের দ্বিতীয় তলায় জুতার দোকান রয়েছে। ফিরোজ নামে এক ব্যক্তি ওই মার্কেটেই একটি দোকান নিয়ে দেওয়ার কথা বলে দু’বছর আগে তার ভাইয়ের কাছ থেকে ৩৫ লাখ টাকা নেন। কিন্তু দোকান নিয়ে দিতে না পারায় টাকা ফেরত চান তার ভাই রাকিব। টাকা ফেরত না দিয়ে নানান টালবাহানা করেন ফিরোজ। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়।

রকিব বলেন, ‘আমার ভাই রাকিব উদ্দিন ২ ফেব্রুয়ারি মার্কেটে যান। মার্কেটের পঞ্চম তলার মসজিদে নামাজ পড়ে নিচে নামার সময় ১৫-২০ জন লোকসহ ফিরোজ তাকে আটক করে মারধর করে তৃতীয় তলা থেকে ফেলে দেয়। সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।’

আরও পড়ুন:

জুতা ব্যবসায়ীকে মার্কেটের তৃতীয় তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ