রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬১ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের কাছ থেকে ২ হাজার ৬৬৭ পিস ইয়াবা, ১২৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ১৩৯ গ্রাম গাঁজা ও ৫ দশমিক ২৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।