মালয়েশিয়ায় গ্রেফতার সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ান সরকার এম খায়রুজ্জামানকে ফেরত দিতে চায়। মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটির ওপরে ভিত্তি করে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে ফেরত পাবো।’
খায়রুজ্জামানকে ফেরত আনতে বাংলাদেশ কোনও আইনজীবী নিয়োগ দেবে কিনা, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এখানে আইনজীবী নিয়োগের দরকার নেই। এটি দুটি রাষ্ট্রের বিষয়।’
উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে দেশে ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি বিপদ আঁচ করতে পেরে কুয়ালালামপুরে জাতিসংঘ উদ্বাস্তু কার্ড সংগ্রহ করেন এবং তখন থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি কী আবেদন বা কিসের ভিত্তিতে প্রথম পর্যায়ে সেদেশে থেকে গিয়েছিলেন, সেখানে অবশ্যই অনেক ভুল তথ্য বা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ হলে, চিঠি দিয়ে তাকে ফেরত আসার জন্য বলা হয়। সেটাও তিনি আসেননি। পরে অনেক অডিট আপত্তিও তিনি নিষ্পত্তি করেননি।’
খায়রুজ্জামানের উদ্বাস্তু কার্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন সাধারণ মানুষ, একজন সবল মানুষ এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল মানুষ কখনই উদ্বাস্তু হতে পারে না। যদি সেটাই হতো তবে সব অপরাধীই কোনও না কোনও দেশে গিয়ে উদ্বাস্তু হিসেবে থাকতে চাইতো। এটি যুক্তিসঙ্গত নয়। আমরা প্রয়োজন হলে জাতিসংঘকে এটি ব্যাখ্যা করবো।’