তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, তিন আসামি রিমান্ডে

পুরান ঢাকার লালবাগ এলাকায় এক তরুণীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলো, তরুণীর কথিত প্রেমিক মনির হোসেন শুভ, বিল্লাল ওরফে আল আমিন ও সুজন ওরফে সবুজ।

তবে এ মামলায় ডালিয়া আক্তার দিনা নামে এক নারীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, এদিন দুপুরের পর মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পুলিশ পরিদর্শক খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন চার আসামিকে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলেও কৌশলে বিভিন্ন তথ্য গোপন করাসহ এড়িয়ে যাচ্ছে। এতে প্রতীয়মান হয়, তারা এ ঘটনা ঘটিয়েছে এবং তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচারের স্বার্থে সঠিক নাম-ঠিকানা যাচাইসহ ঘটনায় আসামিদের ভূমিকা নির্ণয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন, এই ঘটনায় আর কেউ জড়িত কিনা জানার লক্ষ্যে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

মামলার অভিযোগে বলা হয়, মেয়ে আর স্ত্রীকে নিয়ে ওই তরুণীর বাবা হাজারীবাগের ঝাউচর এলাকায় বাস করেন। ৬ মাস আগে তার মেয়ে ও শুভর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুভ তাকে বিয়ের প্রস্তাবও দেয়। প্রায় এক মাস আগে ওই তরুণী এবং তার মাকে রেখে তার বাবা গ্রামের বাড়ি পটুয়াখালী যান। চার দিন আগে ওই তরুণীও গ্রামের বাড়ি যায়। তখন শুভ ওই তরুণীকে বিয়ে করবে বলে ফোনে জানায় এবং তাকে ঢাকায় আসতে বলে। ভাড়া বাবদ তরুণীকে ৬৫০ টাকা পাঠায় শুভ।

শুভ’র কথায় আশ্বস্ত হয়ে ওই তরুণী ১১ ফেব্রুয়ারি পটুয়াখালী থেকে রওনা হয়ে পরদিন ঢাকায় পৌঁছায়। সেখান থেকে শুভ ওই তরুণীকে নিয়ে লালবাগ বেড়িবাঁধ এলাকায় আসামি দিনার বাসায় যায়। দিনার সহায়তায় শুভ ওই তরুণীকে ধর্ষণ করে। গত ১৪ ফেব্রুয়ারি শুভ ওই তরুণীকে নিয়ে বিল্লালের বাসা মুগদায় যায়। সেখানে শুভর উপস্থিতিতে বিল্লাল ও সুজন তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ১৬ ফেব্রুয়ারি বিল্লাল ওই তরুণীকে রিকশায় করে টিএসসি এলাকায় নিয়ে আসে। পরে তাকে সেখানে একা রেখে চলে যায় বিল্লাল।

তরুণীকে ধর্ষণের ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি তার বাবা লালবাগ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।