পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে নৌসদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাকে রিয়ার অ্যাডমিরাল র‍্যাঙ্ক ও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। তিনি ২৭ ফেব্রুয়ারি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারি ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি ও সদর দফতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অত্যন্ত কর্তৃত্বের সঙ্গে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন।

তিনি সততার সঙ্গে অসামান্য সেবা ও অবদান রাখায় রাষ্ট্রীয় শুদ্ধাচার পদক ও নৌ প্রদানের প্রশংসা পদক অর্জন করেন।

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর) হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল এলিট ফোর্স র‍্যাব-এর সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় জাতীয় গণমাধ্যমে বেশ প্রাণবন্ত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক অবদান রাখেন। তার অসামান্য অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়।

তাছাড়া তিনি ডিজিএফআই সদর দফতরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরোতে (আইএবি) কর্নেল জিএস হিসাবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি নৌ সদর দফতরে পরিচালক সাবমেরিন হিসাবে কর্মরত আছেন।