রাজধানীর পল্লবীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে জাহিদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ছুরকাঘাতের পর জাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। ছুরকাঘাতে আহত কামরান (২৩) ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। সে ফ্রিজের মেকার। আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জাহিদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
নিহত জাহিদ পেশায় মাছ বিক্রেতা। মিরপুর ১১ নম্বর সেকশনের মুসলিম ক্যাম্পের মো. হানিফের ছেলে তিনি।
নিহতের এক বন্ধু জানিয়েছেন, জাহিদ ও কামরানসহ ৪-৫ জন মিরপুর বাংলা স্কুলের সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলেছিলেন। এ সময়ে স্থানীয় ভামরুসহ ১০-১২ জন যুবক তাদের গালিগালাজ ও জাহিদসহ দু’জনকে ছুরিকাঘাত এবং একজনকে পিটিয়ে আহত করে চলে যায়। পরে জাহিদের মৃত্যু হয়।