রাজধানীর বনানীতে ‘আলিম কার সেন্টার’ নামে একটি কারের শোরুমে হামলা চালিয়ে ১৮ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় শোরুমটির মালিক ও ম্যানেজারকে পিটিয়ে আহত করেছেন হামলাকারীরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বনানী ২ নম্বর রোডে আলিম কার সেন্টারে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, শোরুমটির মালিক মো. আলিম (৪১) ও ম্যানেজার মো. সজীব হোসেন (৩৫)। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
আহত আলীমের ভাতিজা মো. রনি জানান, সন্ধ্যায় মো. হালিম (৩৫), পন্ডিত, কাঞ্চন, রফিক, সুমন সহ ১৫ থেকে ২০ জন শোরুমটিতে হামলা চালান। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। রড, লাঠি, দা, ও পিস্তল সহ শো রুমে ঢুকে হালিম প্রথমে আলিমের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আলিম ও তার ম্যানেজারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আহত করা হয়।
পরে লেক্সাস এবং হ্যারিয়ার নামক দুটি গাড়ি ভাঙচুর করে এবং নগদ ১৮ লাখ টাকা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পড়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।