সরকার পাল্টালেও বদলায়নি ঢাকায় ফুটপাতের চাঁদাবাজি 

সালমা আক্তার শারমিন
১৬ মার্চ ২০২৬, ১৭:০০ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৭:০০

গত দুই বছরে তিনটি সরকার দেখেছে বাংলাদেশের জনগণ। এর মধ্যে দু’টি নির্বাচিত ও একটি অর্ন্তবর্তীকালীন। প্রতিটি সরকারের আমলেই ঢাকার মানুষ চাঁদাবাজ চক্রের মদদে হকারদের দ্বারা ফুটপাত দখলের সমস্যার মুখোমুখি হয়েছে, যা এখনও চলমান রয়েছে।  

ঢাকার বিভিন্ন এলাকার প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে বসা অন্তত ডজনখানেক হকার জানান, তারা প্রতিদিন বা মাসিক ভিত্তিতে টাকা দিয়ে ব্যবসা চালান। এ টাকা যায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে। তাদের দাবি, এসব রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকার অবৈধ ফুটপাত ব্যবসার চাঁদাবাজি চক্র পরিচালনা করেন। 

দুই দশক ধরে গুলিস্তানের ফুটপাতে ব্যবসা করা এক হকার এই প্রতিবেদককে বলেন, “যারাই ক্ষমতায় থাকুক না কেন, সেটি তারেক রহমান কিংবা শেখ হাসিনা বা অধ্যাপক ইউনূস হোক না কেন, ফুটপাতের চাঁদাবাজ চক্র প্রতিটি প্রশাসনেই তাদের লোক খুঁজে নিতে সক্ষম হয়, যাতে তারা তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যেতে পারে।” 

ফটুপাত দখলের জেরে পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হয়, যা তাদের নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে এবং যানজটের পরিস্থিতিও আরও খারাপ হয়েছে। ফুটপাত দখলের জেরে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা। 

বিশেষজ্ঞরা বলছেন, সড়কের ওপর অস্থায়ী বাজার গড়ে ওঠার ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বেড়ে যায়। কারণ অধিকাংশ দোকান প্লাস্টিক, কাপড় ও অন্যান্য দাহ্য উপকরণ দিয়ে তৈরি। অনেক ক্ষেত্রে এসব দোকানে অনিয়ন্ত্রিতভাবে বৈদ্যুতিক সংযোগও ব্যবহার করা হয়। 

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার হকার সমস্যাটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। রাজধানীতে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন, তাই পরিকল্পিতভাবে পথচারীদের চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যখন সড়ক ও ফুটপাত দখল হয়ে যায়, তখন পুরো এলাকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তাদের মতে, হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হলে একদিকে যেমন তাদের জীবিকা সুরক্ষিত থাকবে, অন্যদিকে যান চলাচলও আরও স্বাভাবিক ও নির্বিঘ্ন হবে।  

মিরপুর, ফার্মগেট, নিউ মার্কেট ও মালিবাগ-মৌচাক এলাকায় ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত অস্থায়ী দোকানপাট ফুটপাতের পাশাপাশি সড়কের কিছু অংশও দখল করে রাখে। এসব দোকানে কাপড়, জুতা, প্রসাধনী, ফল, সবজি এবং বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয়। এর ফলে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। 

ফুটপাত দখলের কারণে নিরাপদে হাঁটতে না পারার অভিযোগ জানিয়েছেন পথচারীরা। তারা বলছে, বাধ্য হয়ে হাঁটার জন্য সড়কে নামতে হয়। বিশেষ করে রমজান মাসে, যখন মানুষ অফিসের পর বাড়ি ফেরেন তখন সমস্যাটি আরও তীব্র হয়ে ওঠে। যান চলাচলও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। 

স্থানীয়দের অভিযোগ, হকাররা প্রভাবশালী ব্যক্তিদের এবং প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্যদের সঙ্গে সমঝোতা করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 

মিরপুরের কিছু ব্যস্ততম সড়ক অস্থায়ী বাজারের রূপ নিয়েছে। বড় বড় অস্থায়ী বাজার রাস্তা দখল করে রেখেছে। এসব বাজারে জুতা, কাপড়, ব্যাগ থেকে শুরু করে মোবাইল অ্যাকসেসরিজ এবং ইলেকট্রনিক পণ্য পর্যন্ত বিক্রি হয়। মিরপুর এলাকায় ফুটপাত দখলের সঙ্গে চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগও উঠেছে। ছোট ব্যবসায়ীরা বলছেন, জাতীয় নির্বাচনের পর কিছু সময়ের জন্য চাঁদাবাজি বন্ধ ছিলো। কিন্তু রমজান শুরু হওয়ার পর থেকে তাদের আবার নিয়মিত টাকা দিতে বাধ্য করা হয়েছে। 

মিরপুরের ১, ২, ১০, ১১, ১২ এবং ১৩ নম্বরের ফুটপাতে ব্যবসা করা বেশ কয়েকজন ছোট ব্যবসায়ী টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। কেউ ক্ষমতাসীন দলের কর্মীদের দোষারোপ করেছেন, আবার কেউ স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের দিকেও আঙুল তুলছেন। তাদের মতে, পূর্বে যারা টাকা সংগ্রহ করতেন তারা এখন আর নেই। নতুন কিছু লোক এখন টাকা তোলা নিয়ন্ত্রণ করছেন। কোনও কোনও ব্যবসায়ী পুলিশের কিছু কর্মকর্তার অংশগ্রহণের কথাও জানিয়েছেন। 

মিরপুর ১০ এর হোপ গলির একজন ব্যবসায়ী বলেন, “চাঁদাবাজি কোনও না কোনও রূপে বিদ্যমান রয়েছে। কেউ বিদ্যুতের বিলের নামে টাকা নেন, কেউ সমিতির নামে। যেহেতু ফুটপাথে ব্যবসা করা অবৈধ, আমরা বাধ্য হয়ে টাকা দেই।” 

ফার্মগেটের ফুটপাতের উভয় পাশে দোকানের সারি দেখা গেছে। এখানে বেশিরভাগ দোকানে বিক্রি হয় সবজি, ফল, শিশুর পোশাক এবং প্রসাধনী। অনেক হকার আবার তাদের ভ্যান সড়কের ওপর রাখেন। ফলে পথচারীদের জন্য খুবই কম স্থান থাকে। দুই মিনিটের হাঁটা প্রায় পাঁচ মিনিট সময় নেয়। 

ফার্মগেটের একজন হকার থেকে ফল কেনার সময় আলামিন নামের একজন ব্যক্তি সড়ক দুর্ঘটনা দেখতে পান। ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করতে করতে একটি রিকশা উল্টে যায় এবং এর যাত্রী সড়কে পড়ে যান। ওই রিকশায় থাকা এক বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।  

কেন সড়কে দোকানপাট বসান— এমন প্রশ্নে একজন সবজি বিক্রেতা জানান, ব্যবসা করার জন্য তাদের কাছে বিকল্প স্থান নেই। তিনি আরও জানান, সেখানে বসার অনুমতি পেতে তাদের টাকা দিতে হয়। তবে কার কাছে কত টাকা দিতে হয় তা বলেননি এ ব্যবসায়ী। তার মতে, এ টাকা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের কাছে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন বলে জানান তিনি। 

ফার্মগেট থেকে পান্থপথ সিগন্যাল পর্যন্ত ফুটপাতের উভয় পাশে খাবারের দোকান বসানো হয়েছে। রমজান হওয়ার কারণে দিনের বেলা অনেক দোকান পর্দা দিয়ে ঢাকা থাকে। ফলে পুরো ফুটপাত কার্যত বন্ধ হয়ে যায়। একই এলাকায় সড়কের একটি অংশও রিকশা গ্যারেজে রূপান্তরিত হয়েছে। ফলে ফুটপাত ও সড়ক উভয়ই পথচারীদের জন্য অব্যবহারযোগ্য হয়ে পড়েছে। 

স্থানীয়রা অভিযোগ করছেন, এ পর্দাযুক্ত এলাকাগুলোতে রাতে কখনও কখনও অসামাজিক কার্যকলাপ হয়। যার মধ্যে রয়েছে মাদক সেবন। 

এমন অভিযোগের সত্যতা মিললো রিকশা চালক আরমানের ভাষ্যে। তিনি বলেন, “রাত গভীর হলে মানুষ এখানে জড়ো হয়ে মাদক সেবন করে। কেউ তাদের থামাতে সাহস পায় না। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমর্থনে এ কাজ চলতে থাকে।” 

এ এলাকায় রিকশা গ্যারেজ দেওয়া আসলাম উদ্দিন টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। গ্যারেজ চালানোর জন্য প্রতিদিন ৫০০ টাকা দেওয়ার কথা জানান তিনি। তবে কাকে এ টাকা দেন তা স্পষ্ট করেননি আসলাম। 

পান্থপথ সিগন্যাল থেকে ফার্নিচার দোকানের লেন হয়ে কাঁঠালবাগান পর্যন্ত সংকীর্ণ সড়কে সবসময় ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমনকি এতটুকু রাস্তার পাশে দোকানপাটে পরিপূর্ণ। রমজান মাসে বিক্রেতারা ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রি করেন। সড়কের উভয় পাশে মালপত্র ও ভ্যান থাকায়, রিকশার চলাচল প্রায় পুরো রাস্তা আটকে দেয়। ফলে পথচারীদের জন্য চলাচল অত্যন্ত কঠিন হয়ে যায়।  

ওই এলাকার ফার্নিচার দোকানের মালিকরা জানান, তারা সবসময় তাদের মালপত্র সড়কে রাখেন না এবং প্রয়োজনে তা সরিয়ে দেন। 

একই অবস্থা নিউ মার্কেট এলাকায়ও। নিউ মার্কেট থেকে নিলক্ষেত পর্যন্ত ফুটপাত এবং সড়কের কিছু অংশ অগণিত দোকানপাটে দখল হয়ে রয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ফুটপাতে প্রায় কোনও খালি স্থান থাকে না। দুপুর ও সন্ধ্যার দিকে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়ে যায়। 

আলিফা নামে একজন পথচারী জানান, ইফতারে সময়মতো বাড়ি পৌঁছানোর আশা নিয়ে তিনি অফিস থেকে আগে বেরিয়েছিলেন। তিনি বলেন, “যানজটের কারণে আমি সায়েন্সল্যাবেই নেমে পড়ি। নিউ মার্কেটের দিকে হাঁটতে চেষ্টা করলাম। কিন্তু ভিড় এতটাই ব্যাপক ছিল যে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।” 

ঈদ উপলক্ষে মালিবাগ-মৌচাক এলাকায় কেনাকাটা বাড়ছে। তবে ফুটপাত ও সড়কের বড় অংশ দখল করা অস্থায়ী দোকানগুলোর কারণে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় গুরুতর যানজট সৃষ্টি হয়। 

মৌচাক মার্কেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত ফুটপাত এবং সড়কের উভয় পাশে দোকানের সারি দেখা যায়। বিক্রেতারা শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শিশুর পোশাক, স্যান্ডেল, প্রসাধনী, গহনা, ব্যাগ এবং খেলনা বিক্রি করেন। পথচারী দবির হোসেন বলেন, “ফুটপাতে চলার কোনও ব্যবস্থা নেই। বাধ্য হয়ে সড়কে চলতে হচ্ছে।” 

আমিন নামে আরেক পথচারী বলেন, “ফুটপাত এখন যেন হকারদের হয়ে গেছে, পথচারীদের নয়। আমাদের হাঁটার জন্য নিরাপদ কোনও স্থান নেই।” 

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, “হকাররা সড়ক অবৈধভাবে দখল করছে। তাদের শনাক্ত করে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা উচিত। একইসঙ্গে এ কার্যকলাপের পেছনের নেটওয়ার্কও শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে।” 

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, পথচারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফুটপাত মুক্ত রাখা মেট্রোপলিটন পুলিশ এবং সিটি করপোরেশনগুলোর দায়িত্ব। 

ফুটপাত দখল এবং চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা তাদের আগের বক্তব্যগুলো পুনরায় বলেছেন। যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, “যদি কোনও বিএনপি নেতা বা অন্য কেউ চাঁদাবাজি করে তাহলে প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।” 

ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশ হকারদের কাছ থেকে টাকা নেয় না। যদি চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাই, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজরা টাকা সংগ্রহের জন্য পুলিশের নাম ব্যবহার করতে পারে।” 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, “ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করার জন্য নিয়মিত অভিযান চালানো হয়। তবে ঈদের আগে ক্রেতার চাপ এবং অস্থায়ী বিক্রেতাদের সংখ্যা বৃদ্ধির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।” 

স্থানীয়রা বলছেন, বড় উৎসব যেমন ঈদের আগে এ ধরনের দখল বৃদ্ধি পায়। তারা মনে করেন, মৌসুমী উচ্ছেদ অভিযানগুলোর পরিবর্তে ফুটপাত এবং সড়ক মুক্ত রাখার জন্য একটি টেকসই এবং কার্যকর সমাধান প্রয়োজন। 

/এবিএম/
সম্পর্কিত
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
ব্যবসায়ীকে আটকে ১২ লাখ টাকা চাঁদা দাবি, ৩ লাখ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
সর্বশেষ খবর
বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে বড় অঙ্কের জরিমানা ইতালির
বিনা অনুমতিতে ছবির ব্যবহার, মেটাকে বড় অঙ্কের জরিমানা ইতালির
দক্ষিণ আফ্রিকায় কঠিন পরীক্ষা, পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় কঠিন পরীক্ষা, পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
রাজধানীর যেসব এলাকায় দোকানপাট-শপিং মল আজ বন্ধ
রাজধানীর যেসব এলাকায় দোকানপাট-শপিং মল আজ বন্ধ
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ