পরিবেশ পদক পাচ্ছেন ঢাকা ও কুমিল্লা জেলার দুজন

পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক-২০২১ এর জন্য দুজন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার এম এ মতিন (মতিন সৈকত)  এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ঢাকা জেলার ইনাম আল হক।

বৃহস্পতিবার  (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনে সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত 'জাতীয় পরিবেশ পদক- ২০২১ প্রদান' সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন, মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব (পরিবেশ) মনিরুজ্জামান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো.আবদুল হামিদ এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ মন্ত্রণালয় জানায়,  প্রাতিষ্ঠানিক পর্যায়ে রাজশাহী সিটি করপোরেশন এবং  বেসরকারি পরিবেশ, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান 'বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজেনাস নলেজ (বারসিক)' মনোনীত হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের ক্রেস্ট,  ৫০ হাজার টাকার চেক, ও সনদপত্র দেওয়া হবে। এ পদক সাধারণত জুন মাসে অনুষ্ঠেয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিয়ে থাকেন।