২০১৩ সালে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির দুই কর্মীকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ উল্লাহর নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন– মো. লিটন ও আবদুর রহমান।
আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন– ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট আক্তারুজ্জামান ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
এর আগে, ২০১৩ সালে বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। আসামিদের মধ্যে মো. লিটন ও আবদুর রহমানকে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল আবেদন জানান এবং জামিন আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে তাদের জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট।