ডিবি পরিচয়ে চোরাই মোটরবাইক বেচাকেনার অভিযোগে যুবক আটক

ডিবি পুলিশ পরিচয়ে চোরাই মোটরসাইকেল বেচাকেনার অভিযোগে বাবুল (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। রাজধানীর পল্টন এলাকা থেকে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, ডিবি লেখা জ্যাকেট, একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড একটি ব্যাগ এবং নগদ ১৬৪০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাবুল দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক, পুলিশ লেখা স্টিকার এবং ডিবি পুলিশের জ্যাকেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল। প্রতারণার কৌশল হিসেবে পোশাক এবং ডিবির জ্যাকেট ব্যবহার করে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সঙ্গে দীর্ঘদিন জড়িত বাবুল।