‘দ্রব্যমূল্য বেড়েই চলেছে, অথচ সরকারের পক্ষ থেকে জনগণের পাশে দাঁড়ানো হচ্ছে না। আজ দেশের সাধারণ মানুষ অতন্ত কষ্টে দিন যাপন করছে।’ মঙ্গলবার (১মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আজকে দেশের সাধারণ মানুষ অতন্ত কষ্টে দিন যাপন করছে। দিন দিন দ্রব্যমূল্য বেড়েই যাচ্ছে। এর কোনও প্রতিকার নেই। সরকার ও তাদের সহযোগীদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে দেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েই চলেছে। এর চেয়ে নিন্দনীয় কথা আর হতে পারে না। সাধারণ মানুষ যারা খেটে খায়, তাদের আর কি-ই বা করার আছে। তাদের রাস্তায় নামতে হবে। আন্দোলনে যেতে হবে। এর বিকল্প নেই।’
মজলিশের নায়েবি আমির আহমদ আলী কাশেমী বলেন, ‘প্রত্যেক দিন দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। বাজার মনিটরিং করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে জনগণের পাশে দাঁড়ানো হচ্ছে না। খেলাফত মজলিস চেষ্টা করছে, এ দেশে এমন সরকার প্রতিষ্ঠা হবে যে সরকার প্রত্যেক দিন মানুষের হাড়ির খবর রাখবে। যদি কোনও মানুষ অনাহারে মারা যায় তাহলে রাষ্ট্রপ্রধানকে জবাবদিহি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মদের লাইসেন্স দিয়ে মানুষকে অবৈধ কাজে সহযোগিতা করছে সরকার। এর নিন্দা জানাই আমরা।’
ঢাকা দক্ষিণ খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।