পণ্যমূল্য বাড়ানোয় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি

কারসাজি করে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রেণে আনার দাবি জানিয়ে এ সময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে। প্রায় দুই বছর করোনায় জীবন-জীবিকা স্থবির থাকার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন– চাল, ডাল, তেল পেঁয়াজ, চিনিসহ সবকিছুর মূল্য দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ কারণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা ভীষণ অসহায় জীবন যাপন করছে। এক ধরনের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ‘আমরা আপনাকে অনুরোধ করে বলছি, দ্রব্যমূল্য কারসাজির পেছনে থাকা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় এনে বাজার মনিটরিং আরও জোরদার করুন।’

মানববন্ধনে বক্তব্য রাখেন– এনপিপির মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, যুগ্ম মহাসচিব মো. এমাদুল হক রানা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি একেএম মহিউদ্দিন আহমেদ (বাবলু), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, ইদ্রিস চৌধুরী প্রমুখ।