কঙ্গোতে জাতিসংঘ মিশনে নারী দিবস উদযাপিত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। গত ৮ মার্চ দিবসটি উপলক্ষে কন্টিনজেন্ট প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে কন্টিনজেন্ট কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহার বলেন, নারী দিবস নারীর অধিকার রক্ষায় বিশ্বের মানুষকে তাদের কর্তব্য সম্পর্কে সচেতনতার ডাক দিয়ে থাকে। এ দিবস বিশ্বের সকল নারীর জন্য একটি বিশেষ দিন যা তাকে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, তার অধিকার সম্পর্কে সচেতন করে এবং তার জীবনের পথ চলায় বাৎসরিক মাইলফলক হিসেবে কাজ করে। পৃথিবীর সকল নারী যেদিন থেকে চলাফেরায় স্বস্তি ও নিরাপদ মনে করবে এবং তার অধিকার ও মর্যাদার নিশ্চয়তা পাবে সেদিনই নারী দিবস পূর্ণতা পাবে।IMG-20220309-WA0016

অনুষ্ঠানে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ডেপুটি পুলিশ কমিশনার জেনারেল আসাবে বেয়ে, চিফ অফ ডেভলপমেন্ট মুনাস্কো ইউলিয়া, সেক্টর প্রধান আফোডোর আবলাভি কোউ ডোজে, মিশরীর ফর্মড পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার আলাউদ্দীন মোহাম্মদ, বাংলাদেশ মিলিটারি পুলিশের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আলমগীর কবির ও বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।