গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা পেলেন ডালিয়া আহমেদ ও রূপা চক্রবর্ত্তী 

বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উচ্ছ্বাস’ প্রবর্তিত ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২১-২২’ গ্রহণ করলেন দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ এবং রূপা চক্রবর্ত্তী।

বাংলাদেশের অন্যতম প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে ২০১৭ সাল থেকে এ সম্মাননা প্রবর্তন করেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রতিবছর তারুণ্যের উচ্ছ্বাস এ সম্মাননা প্রদান করে থাকে। 

তারুণ্যের উচ্ছ্বাসের ১৬ বছরে পদার্পণ এবং কিংবদন্তী আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার ৮৮তম জন্মদিন উপলক্ষে ১১ মার্চ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে ২০২১ সালে ডালিয়া আহেমদ এবং ২০২২ সালে রূপা চক্রবর্ত্তীর হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন ম সারথী আতাউর রহমান, অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি হেলাল হাফিজ, অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, অভিনেতা আফজাল হোসেন।  তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চাচলনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাগ্যধন বড়ুয়া।  

এ সময় অতিথিরা সম্মাননাপ্রাপ্ত গুণীজন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ এবং রূপা চক্রবর্ত্তীর হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক, সম্মাননা স্মারক এবং সম্মাননা আর্থিক মূল্য প্রতিজন ১০ হাজার টাকা।

অনুষ্ঠানে স্মৃতিচারণ কথামালা ও আবৃত্তিতে অংশ নেন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, নিমা রহমান, আফসানা মিমি, উত্তম গুহ, চিত্রলেখা গুহ, বন্যা মির্জা, আরিফ খান, নির্মাতা বদরুল আনাম সৌদ, আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন, সারা গুলশান, শাহাদাত হোসেন নিপু, শারমিন লাকী, মাশকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল্লাহ সাঈদ, নাজমুল আহসান, তামান্না তিথি, মাসুম আজজুল বাসার, আবু নাছের মানিক, মজুমদার বিপ্লব, সুকান্ত গুপ্ত প্রমুখ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন, শিল্পবৃত্ত এবং তারুণ্যের উচ্ছ্বাস।