রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পানির ট্যাংক থেকে আলামিন নামে একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল আনুমানিক সাতটার দিকে তার লাশ দেখতে পান ব্যবসায়ীরা। এরপর তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ওই ব্যক্তি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, আলামিন মারা যাওয়ার সময় তার ছেলেরা সেখানে উপস্থিত ছিলেন। তবে রাতের বেলা মার্কেটে এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করেন ব্যাবসায়ীরা। এ নিয়ে মার্কেটে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’