মালিবাগে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

রাজধানীর মালিবাগ মোড়ে ট্রাকের চাপায় আসিফ ইকবাল (২৪) নামের এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল আসিফের। মৃতের ছোট ভাই আকিব ইকবাল জানান, সোমবার দিবাগত রাত বারোটায় কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে মালিবাগ মোড়ে দ্রুতগতির একটি রেডিমিক্সবাহী ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি।

পথচারীরা আসিফকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালিবাগ থানার উপ-পরিদর্শক এসআই বিপ্লব সরকার। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও হেলপার মো. সবুজকে (২৪) আটক করা হয়েছে। মৃতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার দুর্গাপুর উপজেলায়। রামপুরার উলন রোডে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে আসিফ ছিলেন বড়।