আসন্ন রমজানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নব নিযুক্ত খতিব মুফতি রুহুল আমীন। শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের খুতবায় তিনি এ আহ্বান জানান।
খতিব মুফতি রুহুল আমীন বলেন, ‘যারা সত্যবাদী ব্যবসায়ী এবং আল্লাহর নবীর হুমুক মেনে ব্যবসা করেন, তাদের হাশর হবে আম্বীয়াদের সঙ্গে। আপনাদের (ব্যবসায়ীদের) কাছে দাবি, এই রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের গতি কেউ লাগাম টানতে পারবে না, আপনারাই পারবেন। সিন্ডিকেট করবেন না। আল্লাহ আপনাদের বরকত দেবেন। লাভ হবে ইনশাল্লাহ, তবে লোভ করবেন না। দ্রব্যমূল্য যেন আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি।’
এছাড়া রমজানে বেশি বেশি ভালো কাজ করার আহ্বান জানানোর পাশপাশি খারাপ কাজ ত্যাগ করার আহ্বান জানান খতিব মুফতি রুহুল আমীন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি।
প্রসঙ্গত, ৩১ মার্চ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান চিঠি দেন মুফতি রুহুল আমীনকে। শুক্রবার জুমার নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ছিলেন রুহুল আমীন। গওহরডাঙ্গা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি হিসেবেও রয়েছেন তিনি। কওমি মাদ্রাসার উচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের সদস্য হিসেবে আছেন রুহুল আমিন।
২০০৩ সাল থেকে গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুফতি রুহুল আমীন। মাসিক আল আশরাফ পত্রিকার সম্পাদকের দায়িত্বের আছেন তিনি। এছাড়া তার বাবার প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমিরের দায়িত্বে আছেন তিনি।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ছিলেন মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। গেলো ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, যার কারণে তিনি বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করতে পারেননি। ২০০৯ সালের ২ জানুয়ারি মাওলানা সালাহউদ্দিনকে খতিব হিসেবে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়।
ছবি: চৌধুরী আকবর হোসেন