বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির রমনা ও লালবাগ গোয়েন্দা বিভাগ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা দক্ষিণ যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি জানান, গত বুধবার (৬ এপ্রিল) থেকে শুক্রবার (৮ এপ্রিল) পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান শুভ (২২), মো. ইয়াছিন আরাফাত জয় (১৯), মো. বাবু মিয়া (২৮), মো. ফরহাদ (২১), হৃদয় সরকার (২৪), আকাশ (২০), মো. জনি খাঁন(২২), মো. রোকন (১৮), মো. মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মো. মনির হোসেন (৪১), মো. জুয়েল (২২), মো. জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল (৩৬), মো. আজিম ওরফে গালকাটা আজিম (৩৫), মো. শাকিল ওরফে লাদেন (২৪), ইমন (২২), মো. রাজিব (২৫), রাসেল (৩২), মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ (৩৯), মো. মাসুদ (৩০), মো. তাজুল ইসলাম মামুন (৩০), মো. সবুজ (৩০), মো. জীবন (২৫), মো. রিয়াজুল ইসলাম (২৫), মো. মুন্না হাওলাদার (১৯), মো. শাকিল হাওলাদার (২০), মো. ফেরদৌস (২২) ও মো. আবুল কালাম আজাদ (৩৪)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়।
যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃতরা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাস স্টপিজে অবস্থান করে কোনও ব্যক্তিকে টার্গেট করে। পরবর্তী সময়ে যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যক্তিকে সুকৌশলে চেতনানাশক উপাদান প্রয়োগ করে যাত্রীদের অচেতন করে তাদের সাথে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ড অনুসন্ধান করে ২০ জনের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা পাওয়া গিয়েছে।