চাকরির বিকল্প হিসেবে উদ্যোক্তা হতে গেলে কাগজ দেখার নামে ভুয়া সাংবাদিক কিংবা প্রশাসনের লোক নতুন উদ্যোক্তাদের হেনস্থার করে বলে অভিযোগ করেছে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় নতুন উদ্যোক্তারা এ অভিযোগের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উদ্যোক্তাদের অভিযোগ, আমাদের ভুলত্রুটি খুঁজে চাঁদা দাবি করা হয়। প্রশাসনের লোক এসে প্রতিষ্ঠানের লাইট পর্যন্ত খুলে নিয়ে যায়। এভাবেই আমাদের কষ্টের প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে। আমরা চাইলেও লাইসেন্সের কাগজপত্র পাই না। সেখানে নানারকম ঘুষের বিষয় এসে যায়।’
প্রধান অতিথির বক্তব্যে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও দশম সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির পেছনে না ছুটে চাকরি দেওয়ার ব্যবস্থা করো। আপনারা উদ্যোক্তা হয়ে মানুষকে কাজের সুবিধা করে দিয়েছেন। আপনাদের সাধুবাদ জানাই।’
তিনি বলেন, ‘শিল্প খাতে বিদ্যুৎ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে নিজের শিল্প প্রতিষ্ঠানও বিদ্যুতের অভাবে বন্ধ করতে হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের অভাব মোচন করেছেন।’
এ সময় তিনি সব প্রয়োজনে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের পাশে থাকবেন বলে জানান।
বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসান লিটন বলেন, ‘আমরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আমরা যাতে কোনও ধরনের হয়রানি বা বাধার সম্মুখিন না হয়। সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি এবং আর্থিকভাবে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক সহযোগিতা পেতে পারি সেই সুযোগ করে দিন।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা ৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, ইসলামী ফাউন্ডেশনের মিডিয়া সেলের ইনচার্জ মাওলানা ফখরুল আশেকী প্রমুখ।