নিউ মার্কেটে সংঘর্ষে নিহত নাহিদের ময়নাতদন্ত সম্পন্ন

রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদ হোসেনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার ((২০ এপ্রিল) দুপুর তার  ময়নাতদন্ত হয়। ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।

পরে পরিবারের কাছে নাহিদের লাশ হস্তান্তর করা হয়। তার লাশ গ্রহণ করেন তার বাবা নাদিম হোসেন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

দুপুর ২টার দিকে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে  রওয়ানা দেন স্বজনরা। নিহতের বাবা নাদিম হোসেন বলেন, কামরাঙীরচর রনি মার্কেটে বিকালে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে নাহিদের দাফন সম্পন্ন করা হবে।

এর আগে  নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন কবির ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।