রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়িত্বর আইনশৃঙ্খলাবাহিনীর ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২০ এপ্রিল) রাত ১১টার পর শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন থেকে দাবিগুলো তুলে ধরা হয়েছে।
ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি জানান। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সুজয় বালা ও মাসুম বিল্লাহ।
ঘটনার বিবরণ দিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টায় নিউ মার্কেটের ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্ট ফুড দোকানের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে কলেজের সামনের মিরপুর সড়কে জড়ো হয়ে প্রতিবাদ জানান।’
তারা দাবি করেন, ‘সেখান থেকে ক্যাম্পাসে ফিরে আসার সময় নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও হকাররা শিক্ষার্থীদের নামে গুজব ছড়িয়ে একযোগে হামলা চালান। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। ডিএমপির রমনা জোনের এডিসি হারুন-অর-রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম. কাইয়ুম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করেই ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হন।’
সংবাদ সম্মেলনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা এই তিন পদের পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে বলেও উল্লেখ করেছেন তারা।
এসময় ‘ন্যাক্কারজন হামলার’ উসকানিদাতা, ইন্ধনদাতা ও হামলাকারীদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয়ভার নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলে উল্লেখ করেন তারা।
এই দাবি অনতিবিলম্বে কার্যকর করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।