গ্যাস সিলিন্ডারে থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতি মারা গেছেন। এ দুর্ঘটনায় তাদের দেড় বছর বয়সী শিশু সন্তান দগ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন।

সোমবার (২৫ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত আব্দুল করিমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর তার স্ত্রীর খাদিজার ৯৫ শতাংশ দগ্ধ ছিল। তাদের শিশু সন্তান ফাতেমারও ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আব্দুল করিমের খালাতো ভাই কামাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার কোনাপাড়া আলাবাড়ি বটতলা একটি ৪র্থ তলা ভবনের নিচতলায় তাদের ভাড়া বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। আব্দুল করিম (৩০) একজন মুদি দোকানদার এবং তার স্ত্রী খাদিজা একজন গৃহিণী।

তিনি বলেন, সেহেরির সময়ে তরকারি গরম করার জন্য চুলায় আগুন দিতেই তা ছড়িয়ে পড়ে। চুলার পাশেই ফ্রিজ রাখা ছিল। ফ্রিজের কম্পপ্রেসার বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি আমরা, আবার গ্যাস লিকেজ থেকে জমা গ্যাস থেকেও ঘটতে পারে।