সাত মসজিদ সাব-স্টেশনে আগুন, বিদ্যুৎ সংকটে ধানমন্ডি-মোহাম্মদপুর

ডিপিডিসির সাত মসজিদ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডে মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, শুক্রবাদ, পান্থপথসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। ডিপিডিসি বলছে, এই এলাকায় প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় কিন্তু এখন সেখানে গড়ে ৩২ মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হচ্ছে। ফলে ৭ থেকে ৮ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর সাত মসজিদ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসার খবর দিয়েছ ডিপিডিসি। 

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, আগুন লাগার পর থেকে আমরা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করছি। ধানমন্ডি ও আশেপাশের এলাকায় অন্য সাব-স্টেশন থেকে বিদ্যুৎ  সরবরাহ করা হচ্ছে। এতে কিছুটা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। আমরা চেষ্টা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে।

সাতমসজিদ সাব স্টেশনের একজন প্রকৌশলী জানান, আমাদের ৪০ মেগাওয়াট প্রয়োজন হয়। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের এখন ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। আমরা কাজ করছি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি।