রাজধানীর শাহজাহানপুর থানাধীন গাজীর বস্তিতে কীটনাশক পানে আলেয়া বেগম (৪৫)নামের এক পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় এ ঘটনাটি ঘটে।
মৃতের ছোট বোন মাহমুদা আক্তার জানান, আলেয়া বেগম দক্ষিণ সিটি কর্পোরেশনে দৈনিক মজুরিতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
১২ বছর আগে আলেয়ার স্বামী রমিজ মিয়ার মারা যান। এই নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তার মানসিক সমস্যাও ছিল। রবিবার বিকালে সবার অগোচরে বাসায় কীটনাশক জাতীয় কিছু পান করে বমি করতে করতে অসুস্থ ও অচেতন হয়ে পড়েন তিনি।
সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে স্টমাক ওয়াশ করা হয়। কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আলেয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার লালাটি কাঁচপুর গ্রামের মৃত বদিউজ্জামানের মেয়ে। শাহজাহানপুর এলাকার গাজীর বস্তিতে এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন তিনি।