নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা বেতন নির্ধারণসহ ১০ দফা দাবি জানিয়েছেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা।
শনিবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি এই আয়োজন করে।
সমিতির অন্যান্য দাবিগুলো হলো - ৪০% মহার্ঘভাতা প্রদান করতে হবে। বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা সাড়ে ৩ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, যাতায়াত ভাতা দেড় হাজার টাকা, টিফিন ভাতা ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। রেশন প্রদান করতে হবে, পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা দিতে হবে, পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল রাখতে হবে। সুদমুক্ত গৃহঋণ প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সভাপতি আজিম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম.এ হান্নান, মহাসচিব মিজান উদ্দিন পাটওয়ারী প্রমুখ।