সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ ও ভারতীয় সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব পিস অপারেশন এর সামরিক উপদেষ্টা ও সহকারী মহাসচিব জেনারেল বিরামে ডিওপ এবং ভারতীয় সেনাবাহিনীর জিওসি-ইন সি, ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনের অংশ হিসেবে রবিবার (২৯ মে) সকালে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ ও ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা। এ সময় সেনাবাহিনী প্রধান তাদের বাংলাদেশ ভ্রমণে আসায় আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে শনিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।