স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদ এবং আসন্ন বাজেটে শিক্ষকদের বেতনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
সোমবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সাম্প্রতিক সমস্যার কথা তুলে ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী হাফেজ ফয়েজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অভিচ্ছেদ্য অংশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। কিন্তু হঠাৎ করে ২৩ মে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে উপবৃত্তি সুবিধাভোগীদের ডাটা এন্ট্রি করার চিঠিতে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তালিকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। ফলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা গ্রহণ করছে না।
তিনি জানান, ২০০৩ সাল থেকে ঝরেপড়া হতদরিদ্র শিক্ষার্থীকে শিক্ষার আওতায় আনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো উপবৃত্তিসহ সব সুবিধা ২০২১ সাল পর্যন্ত চালু ছিল। কিন্তু এ সুবিধা তুলে নেওয়ায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কোমলমতি শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়ালেখা করার উৎসাহ হারিয়ে ফেলবে।
তিনি আরও বলেন, মাদ্রাসায় অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করে পুনরায় প্রাইমারি শিক্ষার্থীদের মতো উপবৃত্তি চালু করাসহ আসন্ন বাজেটে মাদ্রাসা শিক্ষকদের বেতনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজীসহ সংগঠনটির নেতারা।