চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) সকালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ পাই আমরা সকাল ৬টা ১৫ মিনিটে। ফায়ার সার্ভিসের ইউনিট ৬টা ১৯ মিনিট থেকে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে এলে পরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।283889066_549398560145084_4613664364397665410_n