আইডিয়াল কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

রাজধানীর আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ এবং দুই শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী ও তরুণ কুমার গাঙ্গুলীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন অপর শিক্ষকরা। একইসঙ্গে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ক্লাসসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন তারা এসব কথা জানান। এ সময় তারা অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ এবং ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জনের ও প্রতিষ্ঠানটিতে নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন।

সাংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির শিক্ষকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোবাশ্বের হোসেন। তিনি বলেন, ‘কলেজের বর্তমান অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠা শুরু হয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘অধ্যক্ষ জসিম উদ্দীন মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী এবং বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলীসহ কতিপয় শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠানের মতো পরিচালনা করছেন। তারা বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারীদের নানাভাবে ভয়ভীতি, অবজ্ঞা, কারণ দর্শানো নোটিশ দেওয়া, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার হুমকি দেন।’

মোবাশ্বের হোসেন, অভিযুক্ত শিক্ষকদের পিএইচডি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের লেনদেনের জন্য প্রতিষ্ঠানের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও ব্যাংকিং চ্যানেল ব্যবহারে অধ্যক্ষ ও তার সহযোগীদের বেশ অনিহা দেখা যায়। ইদানিং শিক্ষার্থীদের থেকে প্রতিষ্ঠানের পাওনা অধ্যক্ষের নামে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করার ব্যবস্থা করা হয়েছে।’

২০২২ সালে একাদশ শ্রেণিতে ভর্তির সময় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং এর একটি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আইডিয়াল কলেজের শিক্ষক-কর্মচারীরা দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনই কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল গভর্নিং বডি মিটিং ডেকেছে, সেখানে কথা বলার পর আমি এসব বিষয়ে বিস্তারিত বলবো।’ তবে সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সরাসরি প্রত্যাখান করছি।