সামন্ত লালসহ তিন চিকিৎসক কাল চট্টগ্রাম যাবেন

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ আরও দুই চিকিৎসক আগামীকাল সোমবার সকালে চট্টগ্রাম যাবেন।

রবিবার (৫ জুন) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।

সীতাকুণ্ডে আহত রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে এবং দিক-নির্দেশনা দিতে তারা যাবেন। অন্য দুই চিকিৎসক হলেন— সহযোগী অধ্যাপক হেদায়েত হোসেন এবং সহকারী অধ্যাপক হোসেন ইমাম।

ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল রাত দেড়টার সময় আমি প্রথম কল পাই চট্টগ্রাম থেকে। এরপর থেকে এখন পর্যন্ত আমার ঘুম নেই। সকালে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাকে মেসেজ দিয়ে বলেছেন। আমি ইতোমধ্যে জানিয়েছি— যদি প্রয়োজন পড়ে চট্টগ্রাম থেকে রোগী আমার এখানে পাঠাতে। আর প্রয়োজন মনে হলে— আমাকে চট্টগ্রাম যেতে বলেছেন তিনি। আমি কাল যাচ্ছি। আমার সঙ্গে আরও দুই চিকিৎসক যাচ্ছেন। চট্টগ্রামের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা কখন, কী করছে আমাকে জানাচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন— চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়। আমি কালকে গিয়ে দেখবো— কাদের এখানে নিয়ে আসার প্রয়োজন আছে। একজন বার্নের রোগীকে ট্রান্সফারের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয়, পরিবারকে বুঝাতে হয়। যেখানে যেখানে রোগী আছে আমি কালকে যাবো। সিদ্ধান্ত বা পলিসি তৈরি করে চলে আসব।