সীতাকুণ্ডে নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দিতে আইনি নোটিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে নোটিশে আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা প্রদান, ফায়ার সার্ভিস বাহিনীকে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুন) জনস্বার্থে মানবাধিকার বিষয়ক সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

এর আগে ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণও ঘটে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নোটিশগ্রহীতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।