নৌবাহিনীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করতে বলেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। তিনি বলেন, ‘নবীন নাবিকদের প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তুলে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
বৃহস্পতিবার (৯ জুন) খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২২ ব্যাচের ৫৫৪ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, ‘বর্তমান সরকারের ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।’ মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন নাবিকদের নিয়োজিত থাকার পরামর্শ দেন তিনি।
নৌবাহিনীর এ/২০২২ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে ফয়সাল মাহমুদ পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. রাইসুল ইসলাম আসাদ দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’, আবিদ হাসান ফাহাদ তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। নারী নাবিকদের মধ্যে চাঁদনী বেগম সব বিষয়ে প্রথম স্থান অধিকার করে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করেন।
অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।