রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে রিফাত শরীফি মিশু (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়েছে তার স্বামী নুরে আলম।
তিন বছরের হুমাইরা নামের এক মেয়ে ও নিহান নামের দুই বছরের এক ছেলের মা ছিলেন মিশু।
নিহতের স্বজনদের দাবি, মিশুর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে চালানোর চেষ্টা করেছে নুরে আলম। সোমবার (১৩ জুন) দুপুরে ঘটনাটি ঘটে।
নিহতের খালু ফিরোজ আলম জানান, নুরে আলমের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় মিশুর। এরপর আলমের সঙ্গে অন্য এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও জানান, মিশুকে নুরে আলম প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে আলম সেখান থেকে পালিয়ে যান। আজ (১৩ জুন) বিকাল পৌনে চারটার দিকে মিশুকে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, মিশু আগেই মারা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।