সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির গ্রহণের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
মঙ্গলবার (২৮ জুন) সাভার উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
শাহজাহান আলম সাজু বলেন, সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা,নড়াইলে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন কুমারকে নাজেহাল বর্বরতার নিষ্ঠুরতম উদাহরণ। এই বর্বরতা মেনে নেওয়া যায় না।
মানববন্ধন চলাকালীন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্বাশিপ নেতা অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ। এ সময় বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হরিচাঁদ মণ্ডল সুমন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, সাভার থানা স্বাশিপের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মো. ইসহাক হোসেন, জাহাঙ্গীর আলম, মুনিরুজ্জামান প্রমুখ।